
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ‘আইস’ নামের মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (তারিখ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বরের খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে বিস্কুটের কার্টুনে লুকানো দুই কেজি ‘আইস’ উদ্ধার করা হয়, যা দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেটে ছিল।
আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মৃত রমজান শেখের ছেলে চালক বিল্লাল শেখ (৪০) ও কালিগঞ্জ থানার মৃত কালীপদ অধিকারীর ছেলে হেলপার সুকুমার অধিকারী (৩৫)। মাদক বহনের অভিযোগে বাসটিও জব্দ করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, “জব্দ হওয়া আইস দেখতে সাগুদানার মতো, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। চালক ও হেলপার আটক রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদক পরীক্ষার পর বিস্তারিত জানানো হবে।”