স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রান-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ ৭ এপ্রিল খুলনা সিভিল সার্জন সদর দপ্তরের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক ডা: মো: মুজিবুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্ব " চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা সেবা আধুনিক থেকে আরোও আধুনিক হয়ে উঠেছে। তারা এখন অত্যান্ত দক্ষতার সাথে রোবট- এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে। যেটা একমাত্র বিজ্ঞানের মাধ্যমে সেবার মানসিকতা তৈরি হলেই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে।
তিনি আরো বলেন, সেবার মান কাংখিত পর্যায়ে নিতে স্বাস্থ্য সেক্টরে বিজ্ঞান মনস্ক হয়ে কর্মরত সবাইকে আরো আগ্রহী হওয়া দরকার। রোগ হওয়ার পর প্রতিকার ও চিকিৎসা চেয়ে রোগ প্রতিরোধ করাই বেশি গুরুত্বপূর্ণ, এবিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন। আমরা বিজ্ঞানকে মানবিক প্রয়োজনে ব্যবহার করবো, যেন সেটা সমস্ত প্রানীকুলের জন্য কল্যান বয়ে আনতে পারে। সুস্থ থাকলে স্বপ্ন বাঁচবে, আর স্বপ্ন বাচলে দেশ বাঁচবে "।
খুলনার সিভিল সার্জন ডা: মোছা: মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, ওয়াল্ড ভিশনের প্রতিনিধি লিটন মন্ডল এবং মোঃ আসিফ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা: মো: মিজানুর রহমান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাজেশন মেডিকেল অফিসার ডা: নাজমুর রহমান সজীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এর আগে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন দপ্তর হতে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।