প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১০:০৮ পি.এম
খুলনায় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খুলনায় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর শিববাড়ি মোড়ে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, খুলনার উদ্যোগে এই মানববন্ধন আয়োজিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রেস্তোরাঁ ব্যবসায় ইতিমধ্যেই চরম সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% সম্পূরক শুল্কের বোঝা এই খাতের সংকট আরও তীব্র করবে। ফলে অনেক রেস্তোরাঁ ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং এই খাতের সঙ্গে জড়িত লাখো মানুষ বেকার হয়ে পড়বে।
বক্তারা আরও বলেন, কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে রেস্তোরাঁ পরিচালনায় যে লাভ হচ্ছে, তা দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সরকারের এই কর বৃদ্ধি পদক্ষেপকে তাঁরা "মরার ওপর খাঁড়ার ঘা" বলে অভিহিত করেন। বক্তারা সরকারের প্রতি দ্রুত বর্ধিত ১৫% ভ্যাট এবং ১০% সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানান।
মানববন্ধনে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ী, রেস্তোরাঁ কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা সরকারের কাছে তাদের দাবি জানিয়ে রেস্তোরাঁ খাতের স্থায়িত্ব ও কর্মসংস্থান রক্ষার আহ্বান জানান।
checkpost.com.bd