
খুলনা সার্কিট হাউজ ময়দানে বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা মহানগর ও জেলা আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, “জনগনের ভালোবাসায়, সমর্থনে, ভোটে ও রায়ে এদেশের সেবা করার সুযোগ পেলে বন্ধ শিল্প কলকারখানা পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হবে। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া হবে।”
ডাঃ শফিকুর রহমান আরও বলেন, “খুলনা একসময় দেশের শিল্পের রাজধানী ছিল, কিন্তু ৫৪ বছরে শিল্প বিকশিত হয়নি। চারদলীয় জোট সরকারের সময় দায়িত্বে থাকা জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামি যে কাজ শুরু করেছিলেন, তা আমরা সম্পন্ন করতে চাই।”
তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে জামায়াত নেতাকর্মীদের প্রতি দীর্ঘ সময়ের নিপীড়ন ও বৈষম্য উল্লেখ করে বলেন, “১৫ বছর ধরে দলীয় নেতাদের ওপর অত্যাচার করা হয়েছে। কিন্তু দেশবাসীর সমর্থন ও ভালোবাসায় আমরা এগিয়ে এসেছি। আমরা সকলের জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করব।”
সভায় খুলনা মহানগর জামায়াত ইসলামী ও জেলা নেতারা উপস্থিত ছিলেন। ডাঃ শফিকুর রহমান শেষমেশ খুলনার ৬টি আসনের প্রার্থীদের বিজয়ী করার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।