কাতারে বসবাসরত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রবাসীদের সম্মানার্থে এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং এন্ড হসপিটালিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এনামুল হক বাদলের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী দোহার দি গ্রিনফুড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে কাতারে বসবাসরত চৌমুহনী ইউনিয়ন ও মাধবপুর উপজেলার বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।
শহিদুল ইসলাম শান্ত’র পরিচালনায় এবং আব্দুর রউফ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মো. এরশাদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদুল ইসলাম, মো. জাকির হুসেন, ইকবাল আহমেদ লিটন, আব্দুল মতিন খাঁন মিঠু, মো. আল আমিন, মো. আবেদ আলী, আবুল কালাম, কাজী ওয়ারিশ, হুমায়ূন কবির ও মোক্তার উজ্জামান চৌধুরী প্রমুখ।
আলোচনায় বক্তারা মাধবপুর উপজেলার কাতারপ্রবাসীদের নিয়ে একটি সংগঠন গঠনের বিষয়ে মতবিনিময় করেন। তারা বলেন, প্রবাসে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে এলাকার মানুষের কল্যাণমূলক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
এছাড়া পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের এক অনন্য সুযোগ।
অনুষ্ঠানের শেষপর্বে চৌমুহনী ইউনিয়নবাসী, মাধবপুর উপজেলাবাসী, প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আব্দুর রউফ শাহ।