"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালি, ওয়াকাথন এবং মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
সকালে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে ওয়াকাথন ও মুক্ত আড্ডার আয়োজন করা হয়।
মুক্ত আড্ডায় স্থানীয় জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তাদের মতামত এবং প্রত্যাশা ব্যক্ত করেন। তারা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক নিরাপত্তা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা বলেন, "নতুন প্রজন্ম সরকারের সহায়তায় একটি উন্নত ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর ও সম্প্রসারিত হলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত হবে।"
উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ বলেন, "সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সরকারি উদ্যোগগুলোর সুফল পৌঁছে দিলে নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া বলেন, "কল্যাণরাষ্ট্র গঠনে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রম দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে এবং নতুন প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ব্রজ গোপাল সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র প্রতিনিধি মুসা হাশেমীসহ এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
এই আয়োজন নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি সরকারি উদ্যোগগুলোর কার্যকারিতা বাড়ানোর বিষয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সৃষ্টি করেছে।