
হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
বুধবার (আজ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এসব প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন:
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া পেয়েছেন ধানের শীষ প্রতীক। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়াকে দেওয়া হয়েছে ঘোড়া প্রতীক। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম পেয়েছেন রিকশা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা পেয়েছেন চেয়ার এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী কাজী তোফায়েল আহমেদ পেয়েছেন মোটরগাড়ি প্রতীক।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন:
বিএনপি মনোনীত প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান পেয়েছেন ধানের শীষ। খেলাফত মজলিসের আব্দুল বাছিত আজাদ পেয়েছেন দেয়ালঘড়ি, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমেদ পেয়েছেন ফুটবল, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের লুকমান আহমদ তালুকদার পেয়েছেন মই এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মোক্তাদির চৌধুরী পেয়েছেন লাঙ্গল প্রতীক।
হবিগঞ্জ-৩ (সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসন:
এ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব জি কে গউছ পেয়েছেন ধানের শীষ। জামায়াতে ইসলামির প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ পেয়েছেন দাঁড়িপাল্লা। ইসলামি আন্দোলন বাংলাদেশের মহিব উদ্দিন আহমেদ সোহেল পেয়েছেন হাতপাখা, জাতীয় পার্টির আব্দুল মুমিন চৌধুরী পেয়েছেন লাঙ্গল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহিনুর রহমান পেয়েছেন ছড়ি এবং বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এস এম সরওয়ার পেয়েছেন মোমবাতি প্রতীক।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন:
বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ফয়সল পেয়েছেন ধানের শীষ। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ঘোড়া। বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন মোমবাতি, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের পেয়েছেন দেয়ালঘড়ি, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মুজিবুর রহমান পেয়েছেন মই, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রাশেদুল ইসলাম খোকন পেয়েছেন ছড়ি এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল মোস্তাফা পেয়েছেন আপেল প্রতীক।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে হবিগঞ্জের চারটি আসনেই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।