গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমামের মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে অপহরণ অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদ্রাসায়ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ।’
তার মতে, ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক।
অবিলম্বে অপহৃত মেয়েটিকে অক্ষত উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান জামায়াত আমির।
অপরাধীদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘যাদের ছত্রছায়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, সামাজিকভাবে এদের বয়কট করতে হবে। দেশবাসীকে প্রতিবাদে সোচ্চার হতে হবে।’
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, বলছেন জামায়াত আমির।
অপরাধীদের প্রশ্রয় দিয়ে কোনোভাবেই এ ধরনের বর্বরতা চলতে দেওয়া যায় না বলে সতর্ক করেন তিনি।