মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ আসন্ন ঈদুল ফিতরের সময়েও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এমনকি ঈদের পরও এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে বলে জানা গেছে।
মসজিদ পরিচালনাকারী সংস্থা ইসলামিক ওয়াক্ফকে সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্যে চলতি মাসের শুরুতে নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল।
রমজান মাসে এমন নজিরবিহীন বন্ধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর এই প্রথম রমজানে ফিলিস্তিনিরা আল-আকসায় জুমার নামাজ আদায় করতে পারছেন না।
গত সপ্তাহে আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে নিন্দা জানায়। তারা বলেছে, আল-আকসার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই এবং অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
বর্তমানে জুমার নামাজ ও রমজানে তারাবির নামাজ নিষিদ্ধ রয়েছে। ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। পুরোনো নগরীতে (ওল্ড সিটি) ইসরায়েলি বাহিনীর কড়া উপস্থিতি দেখা যাচ্ছে।
মসজিদ প্রাঙ্গণে প্রতিটি শিফটে সর্বোচ্চ ২৫ জন ওয়াকফ কর্মী প্রবেশের অনুমতি পাচ্ছেন। এমনকি পাণ্ডুলিপি বিভাগে অতিরিক্ত একজন কর্মী ঢোকানোর আবেদনও নাকচ করা হয়েছে।
সূত্রগুলো বলছে, অতিরিক্ত কর্মী ঢুকতে দিলে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হবে—এমন সতর্কতাও দিয়েছে পুলিশ।
এ ছাড়া আল-আকসার মূল মসজিদ, এমনকি ডোম অব দ্য রকের ভেতরেও নজরদারি ক্যামেরা বসানো হয়েছে বলে সন্দেহ করছেন ওয়াকফ কর্মকর্তারা।
মসজিদ বন্ধের পাশাপাশি জেরুজালেমের ওল্ড সিটিতেও প্রায় সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। সেখানে সাধারণত জমজমাট থাকা ফিলিস্তিনি বাজারগুলো এখন প্রায় জনশূন্য।