
বগুড়ার শেরপুর উপজেলার নালিতাবাড়ী এলাকায় অনুমোদন ছাড়াই পরিচালিত একটি বেসরকারি হাসপাতাল প্রসূতি মৃত্যুর অভিযোগের পর সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি প্রায় তিন মাস আগে উত্তর বাজার এলাকার একটি ভাড়া ভবনে হাসপাতালটি চালু করেন। তবে প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন না থাকলেও সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম চলছিল।
অভিযোগ রয়েছে, গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে প্রথমে ময়মনসিংহের একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে অবস্থার আরও অবনতি হলে নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণেই আকলিমা বেগমের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই হাসপাতালটির কার্যক্রম বন্ধ ছিল। পরে অভিযোগের ভিত্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে হাসপাতালটিতে কোনো অনুমোদনের কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় অনুমোদন ও শর্ত পূরণ সাপেক্ষে ভবিষ্যতে কার্যক্রম চালানোর সুযোগ পেতে পারে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে হাসপাতালটির পরিচালক নির্লব হাসান মিন্টু দাবি করেন, তারা অনুমোদনের জন্য আবেদন করেছেন এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তাদের হাসপাতাল থেকে কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।