সুশাসন ও নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: খুলনায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য

“সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়” দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন ও ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে “Bangladesh in Transition: Governance, Economy and Policy Reforms” শীর্ষক সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন তিনি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “সংস্কারের জন্য প্রথমে চিন্তাগত দৃঢ়তা অর্জন করতে হবে। স্পষ্টভাবে সমস্যাগুলো চিহ্নিত করে ধারনাগুলোকে বাস্তবায়নের দিকে নিতে হবে। কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে নীতিগত সমন্বয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংস্কারের মূল উদ্দেশ্য পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সংস্কার টেকসই হবে না। বিনিয়োগে গতি আনতে হবে এবং সংস্কারকে সামগ্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে হবে। এটি কোন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, প্রয়োজন প্রগতিশীল রাজনৈতিক বন্দোবস্ত।”
সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে হলে সুশাসন ও নীতিগত সংস্কার যুগোপযোগী করতে হবে। উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান ড. কাজী হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শরাফাত আলী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফারহানা হক ও প্রভাষক আইরিন আজহার উর্মি।
সেমিনারে ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তিনি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক ড. মো. আশিক উর রহমান, সিপিডির সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক উপস্থিত ছিলেন।


























