জেলা প্রশাসকের উপস্থিতিতে পুরস্কার বিতরণ
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণকালের অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্মরণকালের বৃহৎ অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টির ইতিহাসে আগে কখনো এত বৃহৎ পরিসরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন উপস্থিত অভিভাবক ও সুধীমহল। সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন-এর সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় হাজারো অভিভাবকের উপস্থিতিতে এই ব্যতিক্রমধর্মী আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন আকন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর, এবং সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক (দিবা) ওয়াহিদা সুলতানা, প্রভাতী শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো. মমতাজ হোসেন, খোরশেদ আলম, মোস্তফা মনিরুজ্জামান, মো. আসাদুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সমাবেশে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ। উৎসবমুখর এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।




















