সাঘাটায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ কর্মশালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব ও কর্তব্য, আইনগত বিষয়াবলি এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার জনাব মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। কর্মশালায় সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার।
এ সময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত ভোটগ্রহণকারী কর্মকর্তারাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মূল ভিত্তি।


























