শ্রীনগরে জনভোগান্তি বন্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাজারের কেন্দ্রস্থলে প্রতিদিন ভোরে বসা কাঁচামালের অস্থায়ী আড়ৎ সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও আহ্বায়ক কমিটি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শ্রীনগর-দোহার সড়কের শ্রীনগর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্রীনগর বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী অংশ নেন।
বক্তারা বলেন, শ্রীনগর বাজার একটি ঐতিহ্যবাহী ও ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র। এখানে শ্রীনগর ছাড়াও লৌহজং, সিরাজদিখান ও দোহার উপজেলার ক্রেতারা আসেন। কিন্তু প্রতিদিন ভোরে কাঁচামালের আড়ৎ বসার কারণে স্কুলশিক্ষার্থী, স্থায়ী ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হচ্ছে। এতে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তারা অভিযোগ করেন, শ্রীনগর পোস্ট অফিস রোড থেকে শ্রীনগর সরকারি কলেজ পর্যন্ত রাস্তা বাজারের মাঝখান দিয়ে গেছে। অথচ কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে এই সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন।
সমস্যার সমাধানে বাজার কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী তোফাজ্জল হোসেন, সদস্যসচিব শেখ আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমসসহ অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ।


























