রামপাল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন; সভাপতি তুহিন, সম্পাদক বাবু
উৎসবমুখর পরিবেশে রামপাল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করেন।
দীর্ঘ দুই যুগ পরে সরাসরি ভোটের মাধ্যমে তৃণমূল বিএনপির কাউন্সিলররা তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পান। অধিবেশনের শুরুতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান বক্তার বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, বিএনপির জাতীয় কমিটির সদস্যগণ, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ। রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম সভা সঞ্চালনা করেন।
কাউন্সিলের দ্বিতীয়ার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়নের ৭১০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আলতাফ হোসেন বাবু। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মাসুদুর রহমান পিয়াল ও মো. আল আমিন হাওলাদার। নির্বাচন পরিচালনা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ।










