জেলা বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া
বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের সোনাতলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও আয়েশা আক্তার মানি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও শমসের আলী মোহন, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন আজও দেশের গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণার উৎস। তার বহুদলীয় গণতন্ত্রের পথ অনুসরণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে।”
আলোচনা সভা শেষে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




















