পলাশবাড়ীতে ব্যবসায়ীদের হস্তক্ষেপে দখল হওয়া দোকান ফিরে পেলেন মূল মালিক

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ঐতিহ্যবাহী কালিবাড়ী হাটে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে দখল হয়ে যাওয়া একটি দোকানঘর দীর্ঘ প্রতীক্ষার পর মূল মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর কালিবাড়ী হাটের মুরগী হাটির সামনে স্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে দোকানটি মসলা ব্যবসায়ী আব্দুল মোতালেব সরকারের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী আব্দুল মোতালেব সরকারের পুত্র হাসান আলী সাংবাদিকদের জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ওই দোকানে ব্যবসা করে আসছিলেন এবং সরকারিভাবে দোকানটি তাদের বরাদ্দ ছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় আব্দুল মোতালেব ও তার স্ত্রী হজ পালনের জন্য দেশের বাইরে অবস্থান করছিলেন। সেই সুযোগে ‘মিলন’ নামের এক ব্যক্তি দোকানটি অবৈধভাবে দখল করে নেয় বলে অভিযোগ করেন তিনি।
দীর্ঘদিন পর স্থানীয় হাট-বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের মধ্যস্থতায় দোকানটি উদ্ধার করা সম্ভব হয়। মঙ্গলবার দোকানটি ফিরে পেয়ে আব্দুল মোতালেব সরকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোকান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন— হাট-বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সুমন সরকার, ব্যবসায়ী সোহেল সরকার, নুরে আলম, সমাজসেবক সারোয়ার হোসেন হযরত, তরুণ সমাজসেবক অর্ণব আহমেদ সামিদ, মেহেদী হাসান গালিব ও শাওন মন্ডলসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা।
উপস্থিত বক্তারা বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে কারও সম্পদ দখল করার ঘটনা বর্তমান সময়ে বরদাশত করা হবে না। ন্যায়ের পথে থেকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তারা সবসময় কাজ করে যাবেন বলেও জানান তারা।


























