বাজার থেকে ফেরার পথে
নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নারীর

নোয়াখালীর চাটখিল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলেয়া বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারের আনিস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের শানুখালি গ্রামের বকশি বাড়ির মৃত শাহজাহানের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাজার শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনগণ পিকআপ ভ্যানসহ চালক লিমন (২০)-কে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে আসে। নিহত পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


























