নীলফামারীতে পিআইবি’র উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নীলফামারীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলার সাংবাদিকদের জন্য ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা পরিষদ ভবনের হলরুমে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
প্রথম দিনের (বৃহস্পতিবার) সেসনে গণতন্ত্র, নির্বাচন, গণভোট, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনে সংবাদকর্মীদের দায়িত্ব কর্তব্য ও নীতিমালা বিষয়ে আলোকপাত করেন বাংলা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল। সমন্বয় করেন পিআইবি’র প্রশিক্ষক জুলহাস নিপুন ভুঁইয়া।
দ্বিতীয় দিন (শুক্রবার) প্রথম সেসনে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও ফ্যাক্টচেক নিয়ে আলোচনা করেন পিআইবি’র প্রশিক্ষক জুলহাস নিপুন ভুঁইয়া এবং দ্বিতীয় নির্বাচনে সংবাদকর্মীর নিরাপত্তা, সচেতনতা ও দায়িত্ব পালনে সতর্কতা বিষয়ে আলোকপাত করেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সংবাদকর্মীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
নীলফামারী জেলা সাংবাদিক ইউনিয়ন ও নীলফামারী প্রেসক্লাবের সহযোগিতায় নির্বাচন কমিশন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন ও মাল্টিমিডিয়া প্লাটফর্মের ৫০ জন সংবাদ কর্মী অংশ গ্রহণ করে।


























