নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান-আফতাব উদ্দিন মোল্লা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা। তিনি বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফতাব উদ্দিন মোল্লা বলেন, “নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, একটি বিশেষ মহলের তৎপরতা ততই বেড়ে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ব্যবহার করে জামায়াতের আমিরের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেখান থেকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে দোষ জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, যাতে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়।”
তিনি আরও দাবি করেন, জামায়াতকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিচালিত ওই ষড়যন্ত্র ইতোমধ্যে জনগণের সামনে স্পষ্ট হয়েছে। জনগণের আস্থা ও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের কোনো অপচেষ্টা সফল হবে না।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের সবসময় সতর্ক থাকতে হবে। একটি মহল ভুল ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে প্রতিহিংসামূলক আচরণ উসকে দেওয়ার চেষ্টা করবে। এসব অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।”
বক্তব্যের শেষাংশে তিনি পরিবার ও সমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “কোনো অপপ্রচারে কান দেবেন না। নিজের বিবেক ও বুদ্ধিমত্তা কাজে লাগান এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকুন।”
উঠান বৈঠকে স্থানীয় জোট নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।


























