গাইবান্ধায় মিছিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আমিনুলের

গাইবান্ধা-২ আসনের (গাইবান্ধা সদর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল করিম সরকারের নির্বাচনী গণমিছিলে অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিনুল নামে এক যুবকের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
গত ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মরহুম আমিনুল নিজের আগ্রহে মামার সঙ্গে গণমিছিলে যোগ দেওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে কদমতলী এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই শাহাদাতবরণ করেন।
এই দুঃখজনক ঘটনায় আজ (১ ফেব্রুয়ারি) মরহুম আমিনুলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রার্থী মোঃ আব্দুল করিম সরকার নিজে।
জানাজা শেষে আব্দুল করিম সরকার মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। তিনি বলেন, “শহীদ আমিনুলের এই অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা তার পরিবারের পাশে আছি এবং সবসময় থাকব। আল্লাহ তায়ালা তার রূহকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমিনুলের রূহের মাগফিরাত কামনা করেছেন।
সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত এমন মর্মান্তিক ঘটনা ঘটছে উল্লেখ করে স্থানীয়রা সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
আমরা মরহুম আমিনুলের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন।

























