কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পোস্টাল ব্যালট পেয়ে ভোটারদের উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পোস্টাল ব্যালট পেপার হাতে পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। ঘরে বসেই ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় অনেক ভোটারই সন্তোষ প্রকাশ করেছেন।
পোস্ট অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেবরী) আসনে পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে পাঁচ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ জানুয়ারি) ভূরুঙ্গামারী পোস্ট অফিসে প্রথম ধাপে ৯৪৯টি পোস্টাল ব্যালট পেপার পৌঁছায়।
এই খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভোটাররা পোস্ট অফিসে ভিড় করেন। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে এদিন প্রায় তিন শতাধিক ভোটার তাদের পোস্টাল ব্যালট সংগ্রহ করেন।
ভোটাররা জানান, কর্মস্থল বা ব্যক্তিগত কারণে ভোটকেন্দ্রে উপস্থিত হতে না পারলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যা তাদের জন্য বড় স্বস্তির বিষয়।
পোস্ট অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে আবেদনকারীদের কাছে পোস্টাল ব্যালট সরবরাহ করা হবে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ ও প্রেরণের কার্যক্রম সম্পন্ন করা হবে।


























