আলিনগর ইউনিয়নে বিএনপির ধানের শীষের নির্বাচনী পদসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের অন্তর্ভুক্ত গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পদসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আলিনগর ইউনিয়নের মকরমপুর ঘন্টি বাজারসংলগ্ন সড়কে এ পদসভা অনুষ্ঠিত হয়। বদিউজ্জামান ভোদল মেম্বারের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
পদসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (৪৪) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, পৌর বিএনপির নির্বাচনী আহ্বায়ক আশরাফুল হক, পৌর বিএনপির নেতা আসাদুল আহমদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল কাশেম মোহাম্মদ মাসুম বলেন, ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এর মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্র রক্ষা পাবে। তিনি সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। বিএনপি জনগণের অধিকার ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।


























