অভয়নগরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক, পুলিশের অভিযান

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে গভীর রাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ইউনিয়নের রানাগাতী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পরপর তিনটি শক্তিশালী ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে আলামত হিসেবে সংগ্রহ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র এক সপ্তাহ আগে এমন পরিকল্পিত বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসী তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করতে এবং ভোটারদের ভয় দেখাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এলাকায় অভিযান শুরু হয়েছে।




















